ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ টাকার বৈধতা বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
তিনি বলেন, আজকে বেলা ১১টার দিকে বেলাল উদ্দিন নভোএয়ারের একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে একটি টাকার ব্যাগসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, টাকা গননা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এই টাকা উদ্ধার করা হয়।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী বলে দাবি করেন বেলাল উদ্দিন প্রধান।