উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারি বৃষ্টিতে দ্রুত বাড়ছে তিস্তার পানি। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, এ সময় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২.১৪ মিটার। সেখানে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২.১৫ মিটার।
পানি বাড়তে থাকায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। একইভাবে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলেও পানি প্রবেশ করছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, তিস্তার পানি বাড়ার কারণে এরই মধ্যে নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকেছে। নদীর পানি আরও বাড়লে এসব এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বুধবার সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানে পানি বাড়ায় নদীর পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।