বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালত ভবনের নিচতলায় (হাকিমি আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।
আহতরা হলেন— সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) এবং মোতালেব হোসেন (৪৮)। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, আদালতের নিচতলায়, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালত পরিচালিত হয়, সেই কচুয়া আদালতের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ খসে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত বিচারপ্রার্থীদের ওপর পলেস্তারা পড়ে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি দীর্ঘদিনের পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং একাধিক স্থানে পলেস্তারা খসে পড়ছে। ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাগেরহাট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারও মাথায়, কারও ঘাড়ে এবং কারও পায়ে আঘাত লেগেছে। তবে প্রাথমিকভাবে কারও আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।