টানা ভারিবর্ষণের ফলে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে মঙ্গলবার দুপুরে পাহাড়ধস ঘটে। এতে মাটি ও উপড়েপড়া গাছ সড়কের ওপর পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।
খবর পেয়ে গজালিয়া আর্মি ক্যাম্পে কর্মরত ভিডিপি প্লাটুন লিডার হাফিজুর রহমানের নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রবল বৃষ্টিতে সড়কের ওপর জমে থাকা মাটি সরিয়ে এবং উপড়েপড়া গাছ কেটে অপসারণের কাজ শুরু করেন তারা।
হিল ভিডিপি সদস্যদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়ে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল পুনরায় শুরু হয় এবং দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।
স্থানীয়রা জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হিল ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রশংসার দাবিদার। তাদের এমন সেবামূলক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের মধ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আস্থা ও ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করেছে।
স্থানীয়দের মতে, প্রচারের আলোচনার বাইরে থেকেও হিল ভিডিপির সদস্যরা নিয়মিতভাবে দুর্গম পাহাড়ি এলাকায় জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এবারের পাহাড়ধসের পর তাদের তাৎক্ষণিক তৎপরতাও সেই দায়িত্ববোধের আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।