ঝিনাইদহ সদর উপজেলায় একটি বেগুন খেত থেকে সাতটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার চণ্ডীপুর গ্রামের দাখিল মাদ্রাসার পাশের বেগুন খেত থেকে গাছগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফারুক মণ্ডল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্প অভিযান পরিচালনা করে। অভিযানকালে চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের বেগুন খেত থেকে প্রায় সাত ফুট উচ্চতার সাতটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। গাছগুলোর ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। প্রায় পাঁচ মাস ধরে ফারুক মণ্ডল বেগুনের খেতে গাঁজার গাছের চাষ করছিলেন বলে দাবি পুলিশের।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান। আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হবে।