দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে আবারও ইলিশ শিকারে নদীতে নেমেছেন জেলেরা। মার্চ ও এপ্রিলজুড়ে মাছ ধরায় বিরতির পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নদীতে নামতে শুরু করেন তারা। শুক্রবার (১ মে) ভোর থেকে জেলার বিভিন্ন মাছঘাটে সরেজমিনে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর পরিবেশ।
নদী থেকে একের পর এক নৌকা ভিড়ছে ঘাটে, জেলেরা নিয়ে আসছেন কমবেশি মাছ। ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হাঁকডাকে জমে উঠছে বেচাকেনা। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা মাছঘাটগুলো যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে।
ঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, এক কেজি ওজনের ইলিশ ৪টি বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের চারটি ইলিশের দাম পড়ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা। আর ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। তুলনামূলক ছোট আকারের ঝাটকা ইলিশের দাম কিছুটা কম।
জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে নদীতে নামলেও মাছের পরিমাণ কম। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি তেলের বাড়তি দাম। ফলে খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
মাছ বিক্রি করতে আসা জেলে মাইনুদ্দিন মাঝি বলেন, নদীতে মাছ কম, আবার তেলের দাম বেশি। যা মাছ পাই, তা দিয়ে খরচ তুলতেই কষ্ট হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ইলিশ মূলত গভীর জলের মাছ। বর্তমানে নদীতে পানির পরিমাণ কিছুটা কম থাকায় মাছও কম পাওয়া যাচ্ছে। পানি বাড়লে সাগর থেকে ইলিশ নদীতে ঢুকবে এবং জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়বে।