চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি মদের এক বিশাল চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা এই চালানে ১৮৫ বোতল বিদেশি মদ রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী সুইচ গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ভোর ৪টার দিকে এই অভিযান চালায়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের ফেলে যাওয়া ১৮৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।
জব্দ করা মদের চালানটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং চোরাচালান রোধে ভবিষ্যতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।