জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বিস্ফোরক ও হত্যা মামলায় জয়পুরহাটে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জয়পুরহাট আমলি আদালতের (সদর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল বুধবার (২৯ এপ্রিল) শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই আট নেতা হলেন—সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহরের শান্তিনগরের দশরথ ঠাকুরের ছেলে অশোক কুমার ঠাকুর, জেলার আওয়ামী লীগ সমর্থক ইউপি সদস্য ও সদর উপজেলার পুরানপৈল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে তারাকুল ইসলাম, একই উপজেলার দস্তপুর গ্রামের মোবারক আলীর ছেলে ফরিদ হোসেন, সদরের কাদোয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন, একই উপজেলার পূর্ব পাইকর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে রেজাউল করিম, পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আ. সবুর মন্ডলের ছেলে শাহানুর ইসলাম, কেন্দুলী গ্রামের হোসেন চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী এবং একই উপজেলার কড়ই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল জব্বার ফরহাদ।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত ঘটনার প্রেক্ষিতে চারটি বিস্ফোরক ও দুটি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। অদ্য দুপুরে তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।