বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণা। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ৮২ হাজার ২৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩৪ হাজার ৬৮২ ভোট। এছাড়া ফুলকপি প্রতীকের প্রার্থী আল-আমিন তালুকদার পেয়েছেন ৩৩১ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ আসনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো ফজলুল করিম।
এদিকে, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।