নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামের এক পুলিশ সদস্যর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আহত এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে চলন্ত ট্রেন থেকে নামার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুটি পা হাঁটু থকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা এমরানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত পুলিশ কনস্টেবল এমরান পিরোজপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত আছেন।