খুলনা মহানগরীতে দীর্ঘদিনের আলোচিত ‘হুমা বাহিনী’র প্রধান শুটার হিসেবে পরিচিত ইমন হাওলাদার ওরফে গজাল ঈমন অবশেষে গ্রেফতার হয়েছেন। দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে দৌলতপুরের রায়েরমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে মহেশ্বরপাশার কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান, একটি পিস্তল, ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গজাল ঈমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ অন্তত ৭টি মামলা রয়েছে।
স্থানীয়দের দাবি, যুবদল নেতা মাহবুবসহ একাধিক আলোচিত হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে পুলিশ এখনো এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গ্রেফতারকৃত গজাল ঈমনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।