কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজকর্মী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা ইসহাক আহমদ (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীও ছিটকে পড়ে আহত হন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের ওপর উঠে যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধ নিহত হন।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, কক্সবাজার ভ্রমণে আসা দুই পর্যটক ভাড়া করা মোটরসাইকেলে টেকনাফ যাচ্ছিলেন। পথে সড়ক পারাপারের সময় তারা ওই বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহীদুল আলম জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলেও তাদের আগেই মৃত্যু হয়েছিল। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।