বান্দরবানে কানাপাড়া পাহাড় থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম রমেসিং মারমা (৩০) এবং তার মেয়ে বৃষ্টি মারমা (৪)। বৃহষ্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি কানাপাড়া এলাকায়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কানাপাড়া এলাকায় লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়া পাহাড়ের নিচ থেকে মা-মেয়ে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাড়াবাসীর দাবি, বুধবার গভীর রাত থেকে মা-মেয়ে দুজনকে খোঁজে পাচ্ছিল না আত্মীয়-স্বজনরা। পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উচুঁ এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, ‘শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে মৃত্যু কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’