নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। তিনি অভিযোগ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে তিনি আত্মহত্যা করবেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে ‘ম’ অক্ষরযুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ছয় মাস আগে একটি অনুষ্ঠানে নাসির উদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে চাকরি ও আলাদা সংসারের আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে গাড়িতে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যান অভিযুক্ত। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান। যেন আর কোনো নারী এমন ঘটনার শিকার না হয়। তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মামলা নেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এছাড়া নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে তাকে অপহরণের চেষ্টাও করা হয় বলে দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দীনের বক্তব্য জানার জন্য মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।