নাটোর পুলিশ লাইন্সের বাসায় পুলিশ কর্মকর্তা বাবার পিস্তল নিয়ে খেলছিল ছেলে। হঠাৎ ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে লাগে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবার পায়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত এসআইয়ের নাম দেওয়ান মামুন হোসেন (৩২)। তিনি নাটোর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র বলছে, এসআই দেওয়ান মামুন হোসেন দায়িত্ব পালন শেষে গতকাল রাত ৯টার দিকে পুলিশ লাইনসের বাসায় ফেরেন। নিজের পিস্তলটি বিছানায় রেখে তিনি শৌচাগারে যান। এ সময় তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলছিল। তিনি শৌচাগার থেকে বের হয়ে ছেলের কাছ থেকে পিস্তলটি নিতে গেলে হঠাৎ ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে মামুনের পায়ে লাগে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেলার পুলিশ সুপার সদর হাসপাতালে তাকে দেখতে যান এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আহত এসআই মামুনের পায়ে গুলি লেগেছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত।