মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্প দুটির উদ্বোধন করেন।
উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জানা যায়, শিবগঞ্জ প্রতিষ্ঠার পর থেকে এখানে কোনো ডাকবাংলো ছিল না। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্মিতব্য এই ডাকবাংলো সরকারি কর্মকর্তা, অতিথি ও আগতদের জন্য মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করবে এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা।
এসময় প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জসহ দেশের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এছাড়াও বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাতিবাঁধা–অনন্তবালা সড়কের শীলাদেবী ঘাট এলাকায় করতোয়া নদীর ওপর ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা।
সেতুটি নির্মিত হলে করতোয়া নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি কমবে এবং কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচল সহজ হবে। ফলে স্থানীয় অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।