ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো। এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন। এর বাইরে কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।
এর আগে, গত বছরের ১২ই ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। সে হিসেবে আগামী ১১ই ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হওয়ার কথা। তবে দুইদিন বাকি থাকতেই তাকে সরিয়ে দেওয়া হলো।
মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। গত ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।