রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী পৃথক দুই যাত্রীর কাছ থেকে পৌনে চার কোটিও বেশি টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিমানবন্দরে রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা নামের দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এআরও সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংককগামী বিএস-২১৭ ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ তল্লাশি করে সেখানে লুকানো অবস্থায় চার লাখ পাচ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড ও সাত হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক বাজারমূল্য দুই কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।
অন্যদিকে, আল আমিন মোল্লা নামের অপর এক যাত্রীর লাগেজ তল্লাশি করে লুকানো অবস্থায় চার লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও দুই হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় আনুমানিক এক কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।
কাস্টমস গোয়েন্দা বিভাগ জানায়, আটক ওই দুই যাত্রীর কাছ থেকে জব্দকৃত বৈদেশিক মুদ্রার মোট মূল্যমান বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা। মুদ্রাগুলো লাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনায় ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে ও তাদের বিরুদ্ধে পৃথক দুইটি ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।