মালয়েশিয়ার সাবাহ রাজ্যের বোর্নিও দ্বীপে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূলীয় রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯.৮ কিলোমিটার।
ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম বলে জানিয়েছে ইউএসজিএস। এছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সতর্কতা জারি করেনি। তারা স্পষ্ট করেছে যে, গভীর সমুদ্রতলে এই কম্পন হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই।
মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর এই ভূমিকম্পের তীব্রতা ৬.৮ বলে রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহ-এর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে সাবাহ ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট অপারেশনস সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
এতে আরও বলা হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব স্টেশন তাদের এলাকায় টহল দিচ্ছে এবং পর্যবেক্ষণ করছে।
সূত্র: সিএনএ।