ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধ এবং সব পক্ষকে শত্রুতা পরিহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘আমরা একটি বিস্তৃত যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে এবং বিশ্বজুড়ে এর নাটকীয় প্রভাব পড়তে পারে।’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি ও খাদ্যের ক্রমবর্ধমান মূল্যের কারণে সাধারণ মানুষ এরই মধ্যে হিমশিম খাচ্ছে উল্লেখ করে মহাসচিব বলেন, ‘হরমুজ প্রণালি যখন অবরুদ্ধ হয়, তখন বিশ্বের সবচেয়ে দরিদ্র এবং অসহায় মানুষগুলো আর শ্বাস নিতে পারে না।’
সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, পারমাণবিক স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোগুলোকে অবশ্যই সুরক্ষা দিতে হবে।
‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আমার বার্তা পরিষ্কার। এখনই এই যুদ্ধ বন্ধ করার উপযুক্ত সময়, যা অবর্ণনীয় মানবিক দুর্ভোগ সৃষ্টি করছে এবং এরই মধ্যে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতি ডেকে এনেছে। আর ইরানের প্রতি আহ্বান, প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করুন’, যোগ করেন তিনি।
তথ্যসূত্র: বিবিসি