ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান প্রক্রিয়া এবং এটি নতুন কিছু নয়।
তিনি একে দীর্ঘদিনের ‘কৌশলগত অংশীদারত্বের’ অংশ হিসেবে অভিহিত করেছেন।
চলমান যুদ্ধে রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সহায়তা পাচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ‘দুই দেশ বছরের পর বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। রাশিয়ার সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্ব রয়েছে। ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয়ও নয়; অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া ইরানকে সহায়তা করছে কি না—জানতে চাওয়া হলে মন্ত্রী জানান, এ বিষয়ে তার কাছে বিস্তারিত সামরিক তথ্য নেই। তবে তিনি দু’দেশের সম্পর্ক ‘অত্যন্ত শক্তিশালী’ বলে পুনরায় উল্লেখ করেন।
আরাগচি বলেন, ‘যতটুকু জানি, রাশিয়ার সঙ্গে আমাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। তারা আমাদের বিভিন্নভাবে সহায়তা করছে। তবে আমার কাছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই।’
তথ্যসূত্র: আল জাজিরা