প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামরিক অভিযানের মধ্যে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চাইছে তেহরান’। তবে তিনি তাদের ইঙ্গিত দিয়েছেন, আলোচনার সময় পার হয়ে গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্প লিখেছেন, “তাদের (ইরানের) আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, বিমানবাহিনী, নৌবাহিনী, নেতৃত্ব—সবই এখন শেষ। এখন তারা কথা বলতে চায়। আমি বলেছি, ‘অনেক দেরি হয়ে গেছে!’”
গত রোববার অবশ্য ভিন্ন কথা বলেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর তিনি ইরানি নেতাদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন।
ট্রাম্প বলেছিলেন, ‘তারা (ইরান) কথা বলতে চায়। আমি কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের আরও আগে এটা করা উচিত ছিল।’
ইরানে সামরিক অভিযান শুরুর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিন দফা আলোচনা হয়েছিল। সর্বশেষ দফার বৈঠক গত সপ্তাহে জেনেভায় শেষ হয়।
তথ্যসূত্র: সিএনএন