লেভান্তের বিপক্ষে বার্সেলোনা যেন ফিরল চেনা ছন্দে। শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে আবারও শীর্ষস্থান দখল করেছে কাতালানরা, পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন বার্নাল। দারুণ ফিনিশে ১-০ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।
ম্যাচের ৩২ মিনিটে জোয়াও কানসেলোর বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।
পুরো ম্যাচেই জোয়াও কানসেলো ছিলেন আক্রমণের প্রাণভোমরা। প্রথম দুই গোলেই ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। রবার্ট লেভানডোভস্কিও একাধিক সুযোগ তৈরি করে লেভান্তের রক্ষণে চাপ ধরে রাখেন।
এরপর ম্যাচের ৮০ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান ৩-০ করেন ফারমিন লোপেজ। তার জোরালো শট পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে গেলে জয়ের সিলমোহর পড়ে যায়।
চোট কাটিয়ে দলে ফিরেছেন পেদ্রি। শুরুর একাদশে ছিলেন রাফিনিয়াও। সব মিলিয়ে এই জয় শুধু তিন পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরিয়ে দিল বার্সেলোনাকে। কঠিন সময়ে এই জয় যেন এক পশলা স্বস্তির বৃষ্টি আর রিয়াল শিবিরে পিছিয়ে পড়ার বাস্তবতা।