বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ও কোচ জাভি হারনান্দেজ এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ইচ্ছাকৃতভাবে ২০২৩ সালে লিওনেল মেসির বার্সেলোনায় ফেরা আটকে দিয়েছেন। লা লিগার অনুমোদন থাকা সত্ত্বেও লাপোর্তা সেই চুক্তি ভেস্তে দেন বলে দাবি করেছেন জাভি।
বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ‘লা ভ্যানগার্ডিয়া’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জাভি এই তথ্য জানান। ২০২৪ সালের মে মাসে কোচের পদ থেকে বরখাস্ত হওয়া এই কিংবদন্তি মিডফিল্ডার জানান, ২০২৩ সালের শুরুতে মেসির চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। জাভি বলেন, কাতার বিশ্বকাপ জেতার পর মেসি কাতালোনিয়ায় ফিরে আসার জন্য মুখিয়ে ছিলেন। মেসির বাবা হোর্হে এটিকে একটি স্বপ্নীল সমাপ্তি হিসেবে দেখেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা মাইকেল জর্ডানের মতো একটা লাস্ট ডান্স চাইছি।’ কিন্তু চূড়ান্তভাবে চুক্তি ভেস্তে যায়, আর মেসি পিএসজির চুক্তি শেষে ইন্টার মায়ামিতে যোগ দেন।
চুক্তি ভেস্তে যাওয়ার প্রসঙ্গটি ব্যাখ্যা করে জাভি বলেন, ‘এখানেও প্রেসিডেন্ট সত্য বলছেন না। লিও সই করে ফেলেছিল। ২০২২ সালের বিশ্বকাপ জেতার পর আমরা যোগাযোগ করি। সে আমাকে বলেছিল ফিরে আসতে সে উৎসাহী, এবং আমি সেটা বুঝতে পেয়েছিলাম। আমরা মার্চ পর্যন্ত কথা বলেছি। আমি তাকে বললাম, ঠিক আছে, যখন তুমি সবুজ সংকেত দেবে, আমি প্রেসিডেন্টকে জানাব।’
জাভি আরও জানান, মেসির ফেরার ক্ষেত্রে লা লিগাও সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু তিনি বলেন, ‘তারপর কী হলো? প্রেসিডেন্ট লিওর বাবার সঙ্গে চুক্তি নিয়ে কথা শুরু করলেন। লা লিগার অনুমোদনও ছিল, কিন্তু সব শেষ করে দিলেন প্রেসিডেন্ট নিজে। তিনি কি কারণ বলেছিলেন? লাপোর্তা আমাকে বললেন, এবং হুবহু উদ্ধৃত করছি, লিও ফিরলে সে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তিনি তা হতে দিতে পারবেন না।’
এই ঘটনায় জাভির সঙ্গে মেসির সম্পর্কও প্রভাবিত হয়। জাভি বলেন, ‘এরপর হঠাৎ লিও আমার ফোন ধরা বন্ধ করে দিল কারণ অন্যদিকে তাকে বলা হয়েছিল এটা সম্ভব নয়। আমি তার বাবাকে ফোন করে বললাম, এটা হতে পারে না, হোর্হে! আর সে বলল, ‘প্রেসিডেন্টের সঙ্গে কথা বলো।’ আমি জোর দিয়ে বললাম পাঁচ মাস ধরে আলোচনা হয়েছে, চুক্তি হয়ে গিয়েছিল, তার ফুটবলীয় যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ ছিল না।’
পরবর্তী সময়ে জাভির সঙ্গে মেসির সম্পর্ক স্বাভাবিক হয়। তিনি বলেন, ‘মেসির সঙ্গে আবার কথা বলতে কি কিছুটা সময় লেগেছিল? হ্যাঁ, কারণ সে ভাবছিল আমিও এই পুরো পরিকল্পনার অংশ। এটা লিওর সঙ্গে আমার সম্পর্কে অনেক প্রভাব ফেলেছিল, তবে এখন সব ঠিক আছে।’
মেসি কি আর কখনো বার্সেলোনায় ফিরবেন? জাভি বলেন, ‘লিও মেসি আর কখনো বার্সেলোনায় ফিরবে না, শুধুমাত্র কারণ লাপোর্তা চান না। লা লিগার কারণে নয়, হোর্হে মেসির টাকার দাবির কারণে নয়, এসব মিথ্যা। লাপোর্তাই তার শিবিরকে বলছেন যে ক্লাব তাকে সামর্থ্য রাখে না।’
লাপোর্তা এখন তৃতীয়বারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে লড়ছেন ভিক্টর ফন্ট ও মার্ক সিরিয়া।