দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যেই পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে আক্রমণের পর অনেকেই আতঙ্কে আগেভাগেই তেল কিনতে ছুটছেন। ফলে বেশ কিছু এলাকায় তেল কেনাবেচা ঘিরে বাকবিতণ্ডা এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে।
সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। তবুও প্যানিক বায়িং-এর কারণে অনেক পাম্পে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। প্রয়োজনের সময় তেল না পেয়ে অনেকেই এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে ভোগান্তিতে পড়ছেন।
ভোগান্তি কমাতেই ‘তেল কই’ নামের একটি নতুন অ্যাপ তৈরি করেছেন তরুণ প্রযুক্তিবিদ সজিব খান। এই অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে ও সেখানে তেল নেওয়ার জন্য কত বড় লাইন রয়েছে।
ঢাকায় বসবাসকারী সজিব খান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি জানান, ‘তেল কই’ মূলত একটি ওয়েবভিত্তিক অ্যাপ। কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোন, যেকোনো ডিভাইস থেকেই এটি ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে পেট্রোল পাম্পের তথ্য আপডেট করতে পারবেন, যেন অন্যরা সহজেই সঠিক তথ্য পেতে পারেন।
রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধাসম্পন্ন এই অ্যাপে ইতোমধ্যে দেশের ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখান থেকে জানতে পারবেন কোথায় তেল পাওয়া যাচ্ছে, কোথায় লাইন দীর্ঘ, এমনকি কোনো পাম্পে তেল না থাকলেও সেটির নোটিফিকেশন পাওয়া যাবে।
সজিব খান সবাইকে সঠিক তথ্য দিয়ে অ্যাপটিতে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তার আশা, এই উদ্যোগ মানুষের সময় বাঁচাবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি অনেকটাই কমাবে।