ঢাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটের পরের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রোববার দুপুরে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিন বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে ওই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে এবং এ বিষয়ে তারা কমিশনকে জানিয়েছেন।
তিনি আরও জানান, এসব হামলার প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট।
নির্বাচনে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোট কম পড়েছে অভিযোগ করে হামিদুর রহমান বলেন, ‘আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এর কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই।’
তিনি আরও অভিযোগ করেন, ভোট গণনার সময় ১১ দলের এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে কোথাও কোথাও। এ সময় তিনি বলেন, ‘ভোট গণনায় ত্রুটি থাকলে ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে, ঘষামাজা, কাটাছিঁড়া, ওভাররাইটিং এবং অনেক জায়গায় অরিজিনাল এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। যেমন ঢাকা-৬ আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে।’