ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানের আগে উপদেষ্টা পরিষদের কোনও সদস্য দেশত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, উপদেষ্টারা এখনও দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তারা অংশ নেবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হন। রাতে বিষয়টি জানাজানি হলে বিশেষ সহকারীর এই সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগেই তার এভাবে দেশ ছেড়ে চলে যাওয়ায় প্রতিক্রিয়া আসতে থাকে বিভিন্ন মহল থেকে।
এ অবস্থায় মুখ খোলেন ফয়েজ আহমদ তৈয়্যব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ফেব্রুয়ারির ৮, ৯, ১০ তারিখে আনুষ্ঠানিক বিদায় নিয়েছি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে। এরপরে নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রযুক্তিনির্ভর নির্বাচনী আয়োজনে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছি। ১০ ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। সেদিন কর্মকর্তা-কর্মচারী সবার সাথে একসাথে ফেয়ারওয়েল ডিনার করেছি। গান গেয়ে বিদায় দিয়েছেন আমার সহকর্মীরা, ওয়ালে পাবেন। একজন আত্মমর্যাদাসম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে তথ্য যাচাই-বাছাই করে নেবেন- চাওয়াটা খুব বেশি বড় না।’
উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠদের মধ্যে আর কেউ দেশ ছাড়ছেন কি না- ব্রিফিংয়ে সেই প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টারা শপথের দিন থাকবেন। তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দেবে। তবে ওখানে আর ফ্ল্যাগ থাকবে না- এই।’
প্রেস সচিব দাবি করেন, ‘তারা (উপদেষ্টারা) সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দেবেন।’
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী কেন দেশ ছাড়লেন–এর জবাবে শফিকুল আলম জানান, ফয়েজ আহমদ তৈয়্যবের বক্তব্যের বাইরে নতুন কিছু তিনি যুক্ত করতে চান না।