হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থার (জাইকা) সহযোগিতা চেয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের (রিতা) সঙ্গে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে জাইকার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ ছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহও ব্যক্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।