ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী আর নেই। ৯ মার্চ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই অভিনেতার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো টালিউড অঙ্গনে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুত্র, পুত্রবধূ ও কন্যা নিয়ে সংসার অভিনেতা তমাল রায় চৌধুরীর। জানা যায়, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা। সাধারণত সকালে ঘুম থেকে ওঠেন তিনি। তবে ঘুম থেকে না ওঠায় পরিচারিকার সন্দেহ হয়। তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে চিকিৎসককে ডাকা হয়।
ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা। ঘুমের মধ্যে হৃদরোগের জেরে তার প্রাণহানি বলেই চিকিৎসক জানিয়েছেন।
আজ বিকাল চারটায় ভারতের টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে অভিনেতার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন তার সহকর্মীরা।