জিসান খান শুভ এখন সঙ্গীতাঙ্গনের পরিচিত নাম। তবে গত বছর থেকে এই সংগীতশিল্পীর পরিচয় বদলেছে কিছুটা ভিন্ন আঙ্গিকে; তিনি এখন কলম ধরছেন কবিতার খেরোখাতায়। গত বইমেলায় ‘আহা আমি’ দিয়ে শুরু হয়েছিল তার কাব্যযাত্রা। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬-এর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আজও সৈকতে’। বইটি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, তার ব্যক্তিজীবনে সমুদ্রের প্রভাব অপরিসীম।
আর সেই প্রিয় সমুদ্রই হয়ে উঠেছে এবারের বইয়ের মূল উপজীব্য। মানুষের না বলা কথা, জমে থাকা অব্যক্ত ব্যথা আর যাপিত জীবনের আবেগগুলোকে তিনি তুলনা করেছেন সমুদ্রের বিশালতার সঙ্গে। লেখকের দাবি, তার অনুভূতির এই বিস্তারিত রূপরেখা জানতে হলে পাঠককে ডুব দিতে হবে ‘আজও সৈকতে’র পাতায়।
বইটির ফ্ল্যাপ লিখেছেন সময়ের জনপ্রিয় কবি স্বপ্নীল চক্রবর্ত্তী। পার্থ দিবস চৌধুরীর করা প্রচ্ছদে নতুন এই কাব্যগ্রন্থটি প্রকাশ করছে নবকথন প্রকাশনী। অমর একুশে গ্রন্থমেলার ২৩৮-২৪০ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।