বাংলাদেশের বিনোদন অঙ্গনের খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ। এখন হাসপাতালে ভর্তি আছেন। এই অভিনেতার শারীরিক অবস্থাও অনেকটাই স্থিতিশীল আছে বলে জানা গেছে।
ফজলুর রহমান বাবুর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পীর অবস্থা ভালো না থাকায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে বøক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এই তথ্য জানিয়েছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর।
তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু ভাই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।
জানা গেছে, অভিনেতা বাবুকে আরও কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনেই থাকতে হবে।
গুণী এই শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও গান দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। নাটক এবং সিনেমা, এই দুই মাধ্যমেই তিনি একজন দক্ষ অভিনেতা হিসেবে পরিচিত। অভিনয়ের জন্য রয়েছে তার বিশাল সংখ্যক ভক্তও। এই অভিনেতার দ্রæত রোগমুক্তি কামনা করেছেন ভক্ত ও দর্শক।