২৮ ফেব্রুয়ারি দুপুর থেকে শোবিজে একটি নামই বেশী উচ্চারিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম এবং পুরো বিনোদন মিডিয়ায় সবচেয়ে বেশী আলোচনা যাকে নিয়ে, তিনি নাট্যাভিনেতা জাহের আলভী।
অভিনেতা আলভী নেপালে শুটিংয়ে থাকাবস্থায় তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যা করেন। এই আত্মহত্যা প্ররোচনায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর সঠিক খোঁজ মিলছে না গতকাল থেকে। রোববার রাতে দেশে ফিরেছেন-এমনটা শোনা গেলেও তার দেখা মেলেনি কোথাও। কেউ বলতে পারছেন না এখন তিনি কোথায়।
আলভী ও ইকরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, গতকাল রোববার বিকেলে জাহের আলভী নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। একজনের মধ্যস্থতায় তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। এদিকে আলভীর ফোন, ফেসবুকসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আফরা ইবনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনয়শিল্পী জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার পল্লবী থানায় এ মামলা করা হয়। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, এজাহারের একটি কপি বিমানবন্দরের অভিবাসন পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাইরে আছেন, যাতে দেশে আসার পর দ্রæত গ্রেপ্তার করা যায়।
আজ পুলিশ জানিয়েছে আলভীর ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই তাদের কাছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘একবার শুনি আলভী দেশে আসছে, একবার শুনি আসেনি। ধোঁয়াশা আর ধোঁয়াশা।’