ময়মনসিংহ সদর উপজেলায় যুবদল নেতা সাইফুল ইসলাম ও তার শিশুসন্তানসহ পরিবারের সদস্যদের ওপর কয়েক দফায় নৃশংস হামলার অভিযোগ উঠেছে। আর এসব হামলার অভিযোগ স্থানীয় ‘মোজাম্মেল বাহিনী’র বিরুদ্ধে। গত রোববার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বোররচর ইউনিয়নে একের পর এক এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সাইফুল ইসলামের মাদ্রাসাপড়ুয়া ছেলে নাফিউল ইসলাম ইফতার-সামগ্রী কিনতে স্থানীয় বাজারে যায়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা একটি পিকআপভ্যান দিয়ে তাকে চাপা দেয়। এতে হাত-পা ভেঙে যায় শিশুটির। ঘটনার পর পিকআপভ্যান নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে সাইফুল ইসলাম ও তার বাবা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা লিয়াকত আলী ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। এরমধ্যে পথে গুচ্ছগ্রাম বাজার এলাকায় তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশা আটকে ফের হামলা চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় তারা সেখান থেকে পুনরায় হাসপাতালে রওনা হন।
তবে কিছুদূর যাওয়ার পর সন্ধ্যার দিকে পাশের ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ আবারও হামলা করা হয়। এতে সাইফুল ইসলাম ও তার বাবা লিয়াকত আলী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের পর অটোরিকশায় করে হাসপাতালে পাঠান।
বোররচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বনপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, মোজাম্মেল বাহিনী’ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে জমি দখল, অর্থ আত্মসাৎ, চুরি-ছিনতাই, মাদক বেচাকেনা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর তথ্যানুযায়ী, মোজাম্মেলসহ তার আরও তিন ভাই মোশাররফ, আজাহারুল, মোবারক ও তার বংশের সামাদুল, জাফরুল, বাবু, হামিদুল, লিয়াকত, শানকি, রাজিব ও আনোয়ারসহ আরও কয়েকজন মোজাম্মেল বাহিনীর স্বক্রিয় সদস্য।
তাদের ভয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ করতেও অনিরাপদ বোধ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মোজাম্মেল বাহিনীর হাত থেকে মুক্তি পেতে নবনির্বাচিত সরকারের সর্বোচ্চ মহলসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা এলাকাবাসীর।