মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ‘তাড়াহুড়ো করবে না’। চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ ‘পূর্ণ শক্তিতে কার্যকর’ থাকবে।
স্থানীয় সময় রোববার (২৪ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প লেখেন, ‘আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলক উপায়ে এগিয়ে চলেছে। আমি আমার প্রতিনিধিদের চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছি, কারণ সময় এখন আমাদের পক্ষে।
‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনো ভুল করা যাবে না! ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেক বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠছে।’
‘ইরানকে অবশ্যই বুঝতে হবে, তারা কোনো পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি কিংবা সংগ্রহ করতে পারবে না,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তির ‘অধিকাংশ বিষয়ে সমঝোতা হয়ে গেছে’ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তার এই বক্তব্য মাসখানেক ধরে চলা যুদ্ধের পুরোপুরি অবসানে সম্ভাব্য ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল।
এই আলোচনার বিষয়ে অবগত আঞ্চলিক একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, চুক্তিটি মূলত দুটি ধাপে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রথম ধাপে ইরান হরমুজ প্রণালিকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে পুনরায় উন্মুক্ত করবে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তারা যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—সেই আশ্বাস দেবে। এর বিনিময়ে ইরানকে ফের জ্বালানি ও তেল বিক্রির অনুমতি দেওয়া হবে।
সূত্রটি জানায়, চুক্তির দ্বিতীয় ধাপটি ৩০ থেকে ৬০ দিন স্থায়ী হবে। এই ধাপে মূলত পরমাণু ইস্যু এবং অন্যান্য বৃহত্তর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।