টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে বিতর্ক চলছিল বেশকিছু সময়। এবার সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন মোহাম্মদ সালাউদ্দিন।
বিশ্বকাপ শুরুর আগে সদ্যবিদায়ী ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, সরকারের সিদ্ধান্তেই বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না। পরে তিনি বক্তব্য পরিবর্তন করে জানান, এটি সরকারের নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত ছিল।
এর মধ্যেই শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এ বিষয়ে জানান তীব্র প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘উনি খাড়ার ওপর এভাবে মিথ্যা বলবেন, আমি ভাবতেও পারিনি। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাব? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন। এটা আমরা মেনে নিতে পারছি না।’
সালাউদ্দিন আরও বলেন, “আমি জানি, আমার দুজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন তারা কোথায় ছিল জানি না। আমরা তাদের ‘অদম্য কাপ’ টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে এক সেকেন্ডে নষ্ট করে দেওয়া হয়েছে।”
এর আগে ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমকে আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও খেলোয়াড়েরা। তারা দেশের ক্রিকেটের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগ করেছে।’
বিশ্বকাপ ইস্যুতে সরকার ও বিসিবির অবস্থান এবং খেলোয়াড়দের সিদ্ধান্ত—সবমিলিয়ে পরিস্থিতি এখনো ঘোলাটে। তবে সালাউদ্দিনের এই মন্তব্য নতুন করে বিতর্ক সামনে নিয়ে এলো।