আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে ২০২৬-২০২৮ কার্যকালের এই কমিটি গঠন ও শপথ সম্পন্ন হয়েছে।
নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। কমিটিতে চারজন নায়েবে আমির, সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে নাগরিক প্রতিদিনকে নিশ্চিত করেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।
বৈঠকে আমির ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্বশীলদের নির্বাচন করেন এবং শপথ পরিচালনা করেন। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। গত বছরের ২ নভেম্বর আমির নির্বাচনের প্রায় তিন মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল দলটি।
কমিটির চার নায়েবে আমির হলেন—এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন—মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২১ সদস্যের নির্বাহী পরিষদে রয়েছেন—এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), মো. শাহাবুদ্দীন, মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি) ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন এবং ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় নারী সদস্য ১৭ জন। সাংগঠনিক কাঠামোয় নারী অংশগ্রহণ বৃদ্ধিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে দলটি।
এছাড়া পাঁচ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মাওলানা এটিএম মাছুমকে। কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
সারাদেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর-দিনাজপুরে মাওলানা আবদুল হালিম, বগুড়ায় এটিএম আজহারুল ইসলাম, রাজশাহীতে মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোরে মোবারক হোসাইন, খুলনায় মো. ইজ্জত উল্লাহ, বরিশালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তরে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণে আবদুর রব, ফরিদপুরে ড. হামিদুর রহমান আযাদ, সিলেটে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালীতে মাওলানা এটিএম মাছুম এবং চট্টগ্রামে মাওলানা মুহাম্মাদ শাহজাহান দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, নতুন এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নির্বাচনী প্রস্তুতি সুসংহত করাই তাদের লক্ষ্য। ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকা এই কাঠামোর অধীনে মাঠপর্যায়ে পুনর্গঠন, কর্মসূচি সমন্বয় এবং রাজনৈতিক কৌশল বাস্তবায়নে জোর দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।