বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে তিনি বাবাকে নিজের দেখা ‘সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন।
জাইমা রহমান বলেছেন, ‘ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি; যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন তারেক রহমান। তার দল বিএনপি এর পাঁচ দিন আগে অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে বিজয় নিশ্চিত করে।
তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের তিনদিনের মাথায় জাইমা রহমান তাকে নিয়ে লেখেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলীগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলীগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’