দেশে রোববার (২৪ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৩৪টি শিশু। এদিন বিকেলে হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৪২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫২৮টি শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ১২৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৩০৬। এই সময়ে এক হাজার ১৬৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২০৩টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা আট হাজার ৬২২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫০ হাজার ৫৫৮ রোগী, যাদের মধ্যে ৪৬ হাজার ২১৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।