২০২৬ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে এক শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নোটিশে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
বোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র (বিষয় কোড-১০৮) পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করানোর একটি ভিডিও ও স্থিরচিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী কিংবা পরিবারের সদস্যকে দিয়ে মূল্যায়ন বা পূরণ করানো শাস্তিযোগ্য অপরাধ।
এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়ার আছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক গোপালগঞ্জসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।