রাতে কিশোরদের অযাচিতভাবে রাস্তায় ঘোরাঘুরি রোধে প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মেয়ে, বোন ও মায়েদের নিরাপত্তার জন্য কিশোর গ্যাং একদম জিরো টলারেন্স হতে হবে। রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করে। আমি নির্বাচনের সময় দেখেছি, সারারাত কিশোররা রাস্তায় ঘুরে বেড়ায়। কেন ঘুরছে জিজ্ঞাসা করলে তারা ‘মব’ অ্যাটাক করে।
সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘রাতে রাস্তায় কিশোরদের দেখলেই যেন জিজ্ঞাসাবাদ করা হয়—কী কারণে তারা ঘোরাফেরা করছে।’
এহসানুল হক মিলন আরও বলেন, শিক্ষাঙ্গণকে নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করা হবে।