কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলে অভিযান চালিয়ে পাঁচ মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় থাকা নারী ও শিশুসহ মোট ৫৫ জনকে উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়— মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচ মানবপাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগের কথা বলে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।