সিরাজগঞ্জে মাছবাহী শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাবাসসুম উপজেলার চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গার রৌহাদহ বাজার সংলগ্ন একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজছিল। এ সময় তাবাসসুমসহ দুই শিশু দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। তখন তাড়াশগামী মাছবোঝাই একটি নসিমন পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুম মারা যায় এবং অপর শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ কবির জানান, দুর্ঘটনার পর নসিমনটি সড়কের পাশের একটি ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় চালক। এ সময় স্থানীয়রা নসিমনে থাকা মাছ নিয়ে যায় বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং পলাতক চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।