লক্ষ্মীপুর সদর উপজেলায় পতাকা লাগানোকে কেন্দ্র করে আজাদ হোসেন (২৮) নামে এক আর্জেন্টিনা সমর্থক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আজাদ হোসেন স্থানীয় আব্দুর রহমানের ছেলে। অপরদিকে অভিযুক্ত রিফাত হোসেন একই এলাকার আবদুল মজিদের ছেলে।
ভুক্তভোগী আজাদ অভিযোগ করে জানান, তার কয়েকজন বন্ধু আর্জেন্টিনার একটি পতাকায় ছবি সংযুক্ত করে লাগাতে যান। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না লাগাতে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে কোনো ধরণের বাগবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান। একপর্যায়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের বড় ভাই মনির হোসেন জানান, রিফাত এর আগেও চাঁদার জন্য তাকে বিভিন্ন হুমকি দিয়েছিল। তার ভয়ে তখন মনির দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। এখন তার ভাইয়ের ওপরও হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন রিফাত হোসেন। তিনি বলেন, ‘আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা সেটির প্রতিবাদ করেছি।’
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’