মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে রোকেয়া বেগমের (৬৫) বিরুদ্ধে। মঙ্গলবার ( ৯ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত বৃদ্ধার নাম রেজিয়া বেগম (৯৫)। তিনি উপজেলার মধ্য ধুসুরিয়া গ্রামের মৃত সোবহান মিয়ার স্ত্রী। আটক রোকেয়া বেগম নিহত বৃদ্ধার মেয়ে এবং সদর উপজেলার হাটিপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঘরের ভেতরে থাকা দা দিয়ে রোকেয়া তার মা রেজিয়াকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন। পরে অন্যদের জানালে প্রতিবেশিরা ঘরে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়ার মরদেহ দেখতে পান।
এরপর এলাকাবাসী রোকেয়াকে আটক করেন। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়েকে আটক করা হয়েছে। আটক নারী মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।