বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রেজু আমতলী সীমান্তে মাইন বিস্ফোরণ হয়েছে। এতে আব্দুল খালেক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেজু আমতলী সীমান্তের ৩৯ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক-সি) বাসিন্দা মো. আনুর ছেলে। তিনি সীমান্তে শ্রমিকের কাজ করতেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহ আলমের কলাবাগান নামক স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আব্দুল খালেক ওই কলাবাগানে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন। সেখানে মাটির নিচে পুঁতে রাখা মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর সীমান্তজুড়ে সাধারণ মানুষের যাতায়াতের ওপর বাড়তি সতর্কতা আরোপ করেছে বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন করতে স্থানীয়দের মাঝে সতর্কতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।