কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলায় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এসময় থ্রি-হুইলার চালকরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশের একটি গাড়ি ব্যাপক ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।