টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার বাংড়া কালিমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
নিহতরা হলো- উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) এবং সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্র তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই তাকবিরের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে লিমনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় সায়মন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।